1. live@www.bhuluapratidin.com : - : Bhulua Pratidin
  2. info@www.bhuluapratidin.com : স্থানীয় ও জাতীয় দৈনিক ভুলুয়া প্রতিদিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

গণিতে দেশসেরা অপরাজিতা বণিক

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সমন্বিত ফলাফলে গণিত বিভাগে সারাদেশে প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের মেধাবী শিক্ষার্থী অপরাজিতা বণিক। তিনি ৪.০০-এর মধ্যে পূর্ণ ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন। হাতিয়া উপজেলার ৩ নম্বর সুখচর ইউনিয়নের এ কৃতী সন্তানের অসাধারণ সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত তাঁর পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসী।

অপরাজিতার এ ফলাফল শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; এটি চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের গণিত বিভাগের জন্যও এনে দিয়েছে বিশেষ মর্যাদা। তাঁর সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে আসছে শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর উচ্চশিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করছেন।

অপরাজিতা বণিককে অভিনন্দন জানিয়েছেন চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সিনা ছৈয়দ তারেক, উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মো. ওমর হাফিজ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো. নাজিম উদ্দিন, সহযোগী অধ্যাপক আহমদ শওকত আকবর ভূঁঞা, সহকারী অধ্যাপক কেশব লাল নাথ এবং সহকারী অধ্যাপক মো. আজগর হোসেন।

শিক্ষকমণ্ডলী তাঁর এ সাফল্যের পেছনে অধ্যবসায়, কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন ও আত্মবিশ্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন। তাঁদের মতে, অপরাজিতার এ অর্জন গণিত বিভাগের শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাঁদের অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তাঁরা অপরাজিতা বনিকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

জানা যায়, হাতিয়া উপজেলার ৩ নম্বর সুখচর ইউনিয়নে অপরাজিতা বণিকের বাড়ি। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ফলাফলে গণিত বিভাগে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন তিনি। তাঁর এ কৃতিত্বে হাতিয়া ও নোয়াখালীর শিক্ষাঙ্গনেও সৃষ্টি হয়েছে গর্বের আবহ।

শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গণিত বিভাগে সারাদেশে প্রথম হয়ে অপরাজিতা বণিক যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এ অর্জন একদিকে যেমন ব্যক্তিগত সাফল্যের উজ্জ্বল উদাহরণ, অন্যদিকে তেমনি চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের গণিত বিভাগের গৌরব এবং নোয়াখালীসহ দেশের শিক্ষাঙ্গনের জন্যও অনুপ্রেরণার বার্তা বহন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট