1. live@www.bhuluapratidin.com : - : Bhulua Pratidin
  2. info@www.bhuluapratidin.com : স্থানীয় ও জাতীয় দৈনিক ভুলুয়া প্রতিদিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে যা বললেন রিজভী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কোনো নির্দেশনা এসেছে কি না এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই আসবে।

সম্প্রতি ছাত্রদলের বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির শীর্ষ নেতারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিদায় নিয়েছেন। এ বিষয়ে রিজভী বলেন, দলের হাইকমান্ড তাদের সঙ্গে কথা বলেছেন। তবে তাদের সঙ্গে কী আলোচনা হয়েছে বা কী নির্দেশনা দেওয়া হয়েছে, তা এই মুহূর্তে তিনি বলতে পারবেন না।

তিনি আরও বলেন, যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তাহলে নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদের জানিয়ে দেব। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন কমিটি সাধারণত রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশ করা হয়। এ কারণে ছাত্রদলের নতুন কমিটি নিয়েও তার কাছে জানতে চান সাংবাদিকরা।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির শীর্ষ পাঁচ নেতা উপস্থিত ছিলেন। ফলে বর্তমান কমিটির বিদায়ের পর নতুন নেতৃত্ব নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট