রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে হোসনে আরা হাসি (২৮) নামে এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে যৌনপল্লির রুবেল নামে এক ব্যক্তির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নিহত হাসির মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে এবং এতে মাথা ফেটে রক্তক্ষরণ হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক যৌনকর্মীকে তার নিজ কক্ষে বিছানার ওপর মৃত অবস্থায় পাওয়া যায়। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়। বর্তমানে ঘটনাস্থলে তাদের কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্রাইমসিনের কার্যক্রম শেষ হওয়ার পর পুলিশ পরবর্তী আইনি কার্যক্রম শুরু করবে।
ওসি জানান, ক্রাইমসিনের কার্যক্রম শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।