1. live@www.bhuluapratidin.com : - : Bhulua Pratidin
  2. info@www.bhuluapratidin.com : স্থানীয় ও জাতীয় দৈনিক ভুলুয়া প্রতিদিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

কর্মীর মা হাসপাতালে, ছুটি চাওয়ায় বসের প্রশ্ন ‘মাসের ক্লোজিংয়ের কী হবে’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মা হাসপাতালে ভর্তি। এমন জরুরি পরিস্থিতিতে বাড়ি ছুটতে হয়েছিল এক কর্মীকে। গভীর রাতে অফিসের বসকে নিজের অনুপস্থিতির কথা জানালেও সহানুভূতির বদলে তিনি পান মাসের বিক্রয় হিসাব নিয়ে প্রশ্ন। বসের এমন প্রতিক্রিয়ায় ভেঙে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানতে চেয়েছেন, বিষয়টি নিয়ে তিনি কি বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছেন?

ওই কর্মী একটি সফটওয়্যার কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন। কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ মায়ের দেখাশোনার জন্য প্রায় প্রতি সপ্তাহেই তাকে নিজের শহরে যেতে হয়।

এর মধ্যেই হঠাৎ মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। জরুরি পরিস্থিতিতে কর্মস্থল ছেড়ে আবারও বাড়ি ফিরতে বাধ্য হন ওই কর্মী। রাত ৩টার দিকে বসকে ফোন করে নিজের অনুপস্থিতির বিষয়টি জানান তিনি।

তবে বসের জবাব শুনে হতবাক হয়ে যান ওই কর্মী। মায়ের জরুরি হাসপাতালে ভর্তির খবর শোনার পর বস তাকে বলেন, ঠিক আছে। কিন্তু এই মাসের ক্লোজিংয়ের কী হবে?

ওই কর্মীর ভাষ্য, মাসের শেষের বিক্রয় হিসাব বা ক্লোজিং প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ সেটি তিনি বোঝেন। কাজের বিষয়টি প্রতিষ্ঠান গুরুত্ব দেবে, সেটিও স্বাভাবিক।

তবে মায়ের জরুরি হাসপাতালে ভর্তির খবর দেওয়ার পর অন্তত ‘মায়ের যত্ন নিন, ক্লোজিংয়ের বিষয়টি পরে আলোচনা করব’ এ ধরনের মানবিক প্রতিক্রিয়া আশা করেছিলেন তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ওই কর্মী বলেন, হয়তো তিনি বিষয়টি ব্যক্তিগতভাবে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই অন্যদের মতামত জানতে চেয়েছেন তিনি।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই ওই কর্মীর পাশে দাঁড়ান। তারা পরিবারকে সবকিছুর আগে রাখার পরামর্শ দেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের মানুষগুলো অর্থের জন্য নিজেদের সবকিছু বিসর্জন দিয়েছেন।

আরেকজন কর্মীকে প্রতিষ্ঠান পরিবর্তনের পরামর্শ দিয়ে বলেন, এমন অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে, যেখানে কর্মীদের জন্য নমনীয়তা ও মানবিকতার সুযোগ থাকে।

তার ভাষ্য, মানুষ মূলত পরিবারের জন্যই আয় করে ও জীবনযাপন করে। তাই ভালো কর্মপরিবেশ এবং মানবিক আচরণ নিশ্চিত করতে প্রয়োজন হলে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার কথাও ভাবা উচিত।

সূত্র : এনডিটিভি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট