নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সাবিনা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌর করিমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ওসি, ডিবি নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে পৌর করিমপুর এলাকার মো. তাজুল ইসলামের বসতঘরে অভিযান চালিয়ে সাবিনা বেগমকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সাবিনা বেগম পৌর করিমপুর এলাকার বাসিন্দা এবং তাজুল ইসলামের স্ত্রী। তার পিতা মৃত শাহ আলম ও মাতা সুরাইয়া বেগম।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।